- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সরকারি প্রথমিক বিদ্যালয়ের স্লিপের (বার্ষিক কর্ম পরিকল্পনা) টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বোগলাবাজার ইউনিয়নের আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লিপের ৪০  হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বিদ্যালয়ের সভাপতি আলমখালী গ্রামের মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ।
জানা যায় ২০১৬-১৭ অর্থ বছরের বিদ্যালয়ে সরকারি বরাদ্দ আসে ৪০ হাজার টাকা। এই বরাদ্দকৃত টাকার সম্পূর্ণ কাজ ৩০ শে জুনের ভেতরেই সমাপ্ত করার জন্য নির্দেশনা আছে বলেও জানা গেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ বলেন, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কাজ না করেই আমার দস্তখত নিয়ে টাকা উত্তোলন করে সম্পুর্ণ টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষক। উত্তোলনকৃত টাকার ব্যাপারে আমি প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, আপনার এ ব্যাপারে জানার দরকার নাই। টাকা দিয়া যা করার আমিই করব।
আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমদ বলেন, বিদ্যালয়ের সরকারি বরাদ্দ অনুযায়ী যে ৪০ হাজার টাকা এসেছিল আমি সেই টাকা আত্মসাত করিনি, সম্পূর্ণ টাকা আমার কাছে আছে। সভাপতি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়।
উপজেলা শিক্ষা অফিসার  এ কে এম ফজলুল হক বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি একটি লিখিত অভিযোগ করেছেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকও একটি লিখিত অভিযোগ করেছেন সভাপতির বিরুদ্ধে, উভয়ের বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

  • [১]