দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সদরে সোনালী ব্যাংকের কার্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁিকপুর্ণ ভবনের ছাদ ধ্বসে কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলা সদরের বাজারে অবস্থিত দু’তলা ভবনের ছাদের আস্তর ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ভেতরে থাকা গ্রাহকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে কিছু সময়ের জন্য ব্যাংক লেনদেন বন্ধ করে দেয়া হয়। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান।
এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনালী ব্যাংক লি. সুনামগঞ্জের এজিএম দুলন কান্তি চক্রবর্তী ও এসপিএম সুজাদুর রহমান।
রবিবার দুপুরে ব্যাংক লেনদেন চলাকালীন সময়ে দীর্ঘদিনের জরাজীর্ণ দ্বি-তল ভবনের ছাদের পুরাতন ফাটলের আস্তর ভেঙে পড়ে। এতে আহত হন ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম বুলবুল, জুনিয়র অফিসার শেখ সাইফুল ইসলাম, কর্মচারী প্রান্ত দে। এছাড়া ধসে পড়ার আতঙ্কে ছুটাছুটির সময় সরু সিড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ২ মহিলা সহ বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন।
সোনালী ব্যাংক ম্যানেজার দেবল চন্দ্র তালুকদার জানিয়েছেন, দীর্ঘদিনের জরাজীর্ণ ভবন অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত ব্যাংক কার্যালয় স্থানান্তর করা হবে।
উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান বলেন, ভবনটির দীর্ঘদিনের ফাটল দিয়ে পানি পড়ায় ভবনটি দুর্বল এবং রড গুলোতে মরিচা পড়ে গেছে। ভবনে একাধিক বড় বড় ফাটল থাকায় ভবনটি এখন ঝুঁকিপুর্ণ। যে কোনো সময় পুরো ছাদ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ব্যাংক কার্যালয় এখান থেকে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেয়া হবে।