- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ্বিগুণ ভাড়া বেড়েছে নৌপথে

স্টাফ রিপোর্টার
হাওরের জেলা সুনামগঞ্জ। বছরের বেশিরভাগ সময় হাওর ও নদীতে পানিতে থাকায় এই জেলার অধিকাংশ মানুষের যাতায়াত নৌ-পরিবহনে। মালামাল বহনের সহজ ও সাশ্রয়ী পরিবহন নৌ-পথ। ঘর থেকে বের হলেই প্রয়োজন হয় নৌকা বা ট্রলারের। ট্রলার কিংবা ইঞ্জিনযুক্ত ছোট বড় এসব ভাড়াটে নৌকা দিয়ে জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায়ও চলাচল করা হয়। নির্দিষ্ট একটা সময় দুর্গম উপজেলাগুলোতে নৌপথের কোনো বিকল্প থাকে না। কিন্তু সম্প্রতি ডিজেলের দাম বাড়ায় নৌপথেও ভাড়া হয়েছে দ্বিগুণ। দৈনিক আয়ের একটা অংশ ব্যয় হয়ে যাচ্ছে আসা যাওয়ার খরচে। জীবিকার উপর প্রভাব পড়ায় জীবন যাপনে কষ্ট হচ্ছে গ্রামগঞ্জের নিম্ন আয়ের সাধারণ মানুষের। সরকার যেন ডিজেল সহ সকল নিত্যপণ্যের দাম হাতের নাগালে রাখে সেই দাবি তাদের।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (৬ আগস্ট) থেকে প্রত্যেকটি খেয়া ও ট্রলার ঘাটে জনপ্রতি ভাড়া বেড়েছে ৫—১০ টাকা। বন্যায় সড়ক ভাঙায় সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার উপজেলা করতে হয় এখন ট্রলারে। কিছুদিন আগেও ট্রলার ভাড়া ছিলো ৩৫ টাকা। দুই ধাপে ডিজেলের দাম বাড়ায় এখন ভাড়া ৫০ টাকা। একই অবস্থা সুনামগঞ্জ সদর থেকে বিশ্বম্ভপুর উপজেলার মনিপুরী ঘাটের। ১০ টাকা থেকে ভাড়া বেড়ে এখন ২০ টাকা। দূরত্ব ভেদে ভাড়ার পরিমাণও বেশি দিতে হচ্ছে। এমন অবস্থা এখন পুরো সুনামগঞ্জ জেলার নৌপথে।
সুনামগঞ্জ উপজেলার হাসাউরা গ্রামের কুশুম আলী বলেন, তেলের দাম বাড়াইছে। নৌকার ভাড়াও বাড়বো এটাই স্বাভাবিক। কিন্তু প্রত্যেকদিন শহরে আসতে আর যাইতে এখন আমাদের যে অতিরিক্ত টাকা যায়, এটা পাবো কোথা থেকে। এটা তো কেউ আমাদের দেয় না। আমাদের পরিবারের খরচ থেকে কেটে দিতে হচ্ছে।
বিশ্বম্ভপুর উপজেলার ভাদেরটেকের মাঝি শাহেদ আলী বললেন, ‘৭০ টাকার তেল এখন দোকান থেকে কিনি ১২০ টাকায়। আমার নৌকা নিয়ে আগে মনিপুরী ঘাটে যাইতে ৬শ’ টাকা ভাড়া নিছি। আজকে যাচ্ছি এক হাজার টাকা নিয়ে। তারপরও পুষবেনা।’
এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাদেরটেক দক্ষিণ হাটির আলকাছ আলীর ছেলে হৃদয় জানায়, প্রত্যেকদিন ৪০ টাকা পায় বাসা থেকে স্কুলের খরচ। ২০ টাকা যায় নদীতে, আর ২০ টাকা শহরের গাড়ি ভাড়ায়। আরও ভাড়া বাড়লে বাকি পথ তাকে হেঁটে যেতে হবে।
সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজারে চলাচলকারী নৌকার মালিক ইসলাম উদ্দিন বললেন, যাত্রীর জান বাঁচাবো, নাকি আমাদের, আমাদের জান বাঁচাইতে হলে ভাড়াও বাড়াতে হবে, তারপরও সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বেশি ভাড়া নিচ্ছি, গ্রামের মানুষ সবাই তেলের দাম বাড়ার খবর রাখে না, অনেকেই কম টাকা দিয়ে যায়, আমরাও বড় বিপদে আছি।

  • [১]