স্টাফ রিপোর্টার
বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমলেও বন্যা পূর্বাভাস কেন্দ্র ও স্থানীয় পাউবো জানিয়েছে আবারও বন্যার আশঙ্কা আছে জেলায়। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বন্যার শঙ্কা দূর হয় নি।
জানা যায়, গত সোমবার বিকাল থেকে সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি ১৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সচল হয়েছে জেলা শহরের সাথে তাহিরপুর যোগাযোগ। তবে প্লাবিত হওয়া নিম্নাঞ্চল থেকে পানি কমতে কিছুটা সময় লাগবে।
এদিকে পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা, তাহিরপুর উপজেলা ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, গেল এক সপ্তাহে ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে ৮৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুনামগঞ্জেও বৃষ্টি হওয়ায় নদ নদীর পানি টইটুম্বুর হয়ে আছে। আগামী তিন দিন বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বৃষ্টিপাত হতে পারে জানানো হয়েছে। বৃষ্টিপাত এক দুই শ, মিলিমিটার হলেই সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হবে।
এদিকে, বন্যা মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মঙ্গলবার বেলা ১১ টায় আগাম সভা করেছে। সভায় স্বাস্থ্য বিভাগ, পৌর কতৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকল বিভাগকে বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ।