স্টাফ রিপোর্টার
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে ছাত্র দলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।
সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সদস্য সচিব মুমিত ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তেল, চাল সহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার যদি দ্রুত সময়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে ।