- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে – পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাড়ছে। সরকার দ্রব্যবমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কবে নাগাদ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে সেটা বলার ক্ষমতা আমার নেই। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার কিছু কৌশলগত কাজ করছে।
বিএনপিকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল গত ১০ থেকে ১২ বছর ধরে যখন দেখছেন আমরা দেশকে পরিবর্তন করে ফেলেছি। উনি তখন বিদ্যুৎ এর নিচে ২৪ ঘন্টা বাস করছেন। আগে উনারদের সময়ে এসি চলত না আর এখন উনি এসির নিচে বসে উল্টাপাল্টা কথা বলছেন। আওয়ামী লীগ সরকারের শাসনমালে দেশের যে উন্নয়ন হয়েছে তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ্য করতে পারছেন না। দেশের উন্নয়ন সহ্য হয় না মির্জা ফখরুলের।
মন্ত্রী বলেন, দুর্নীতি বাংলাদেশে আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে
কোন খাতে দুর্নীতি হচ্ছে সেটার অভিযোগ পেতে হবে, স্বাক্ষী পেতে হবে, তাহলে তাদের বিচার হবে।
মন্ত্রী বলেন, বিচার করার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই, বিচার করার ক্ষমতা আদালতের। সুতারাং যারাই বাংলাদেশে দুর্নীতি করবে, তাদের আইনের আওতায় আনা হবে।
শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উদ্দেশ্যে বলেন, জিএম কাদের সাহেব যে দলের বর্তমান চেয়ারম্যান সেই দলটি কি ভাবে এসেছিলো সেটা সবাই জানেন। প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ মার্শাল ল এর মাধ্যমে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি সেই সময় বাংলাদেশের রাষ্ট্রপতিও ছিলেন। আমি এই বিষয়ে বলতে চাই না শুধু পরিচয় করিয়ে বা স্মরণ করে দিতেই বলেছি। বর্তমানে জিএম কাদের সাহেবদের দলের সংসদেও অবস্থান আছে। উনার দলের প্রধান যখন এই দেশের সরকার প্রধান ছিলেন সেই সময়ও দুর্নীতি ছিলো, এর অনেক রেকর্ড আমাদের হাতে আছে। অতীত ঘাটাঘাটি করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। এক জন মিলিটারি শাসক বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশে শাসক ছিলো। আমি নাম বলতে চাই না। তারা কি সেই সময় শিক্ষা খাতে ব্যয় করেছিলো? তারা কি গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছিলো? আমাদের আগে কেউ কি দেশে এতো উন্নয়ন করেছিলো? করেনি। এখন এই কাজ করতে গিয়ে কোন কোন লোক দুর্নীতি করছে। তবে তাদের বিচারও হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম, জেলা শিক্ষা ও প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শামসুল আবেদীন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো.আমিনুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রীর পুত্র, যুক্তরাজ্য প্রবাসী শাহাদাত মান্নান অভি, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী আল নুর তারেক,শান্তিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি ফয়জুর রহমান, পাথারিয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি আলী নেওয়াজ, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পাথারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল ফয়েজ, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রী পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগদান করেন।

  • [১]