- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ্রুত বাড়ছে সংক্রমণ

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, প্রতিটি দেশেই দু-একজনের মাধ্যমে এ ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। পরে ধাপে ধাপে বিস্তার ঘটিয়ে মহামারি আকার ধারণ করে। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর আবার ধাপে ধাপে সংক্রমণ হ্রাস হয়েছে। গত ১২ এপ্রিল দোয়ারাবাজার উপজেলা থেকে যে সংক্রমণ শুরু হয়েছিল তা এখন দ্রুতবেগে সমগ্র জেলায় ছড়িয়ে পড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে হবে। সংক্রমণের দিক দিয়ে বিভাগে ২য় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। সোমবার রাতে সুনামগঞ্জে আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান,
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জে আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলার ছাতক উপজেলার ২১ জন। এর মধ্যে জাউয়ার ১৫ জন ও ছাতক শহরের ৬ জন। এছাড়াও জগন্নাথপুর উপজেলার ৩ জন এবং তাহিরপুর উপজেলার ১ জন আক্রান্ত হন। ৪ হাজার ৭শত ৬৪টি নমুনার মধ্যে ৩ হাজার ৯শত ৭৯ টি নমুনা পরীক্ষা নিরীক্ষা করে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৯ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ৮ দশমিক ২৬ শতাংশ। ভাইরাসে মৃত্যু হয়েছে ছাতক উপজেলার ৩ জনের।
সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ ধরা পড়ে ২৫ জনের শরীরে। একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ১৩ দশমিক ২৯ শতাংশ। নতুন করে করোনায় কারো মৃত্যু না হলেও ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জেলায় এখন সংক্রমণের ঊর্ধ্বমুখী চিত্র দেখা যাচ্ছে।
কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-নতুন করে সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৯৪ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে নেয়া হয়েছে ২৫ জনকে। এছাড়াও বিদেশ প্রত্যাগত আরও ১ জন প্রবাসী সুনামগঞ্জে এসেছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৩১ জন। অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৫৫৩৮ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৫২০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮১ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৩ জন এবং আইসোলেসনে আছেন ৩২৯ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে সুনামগঞ্জ জেলায় এসেছেন ২৫৮৬ জন।
সবচেয়ে বেশী ৮১০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৬৮৫ জনের। আক্রান্ত হয়েছেন ৯৫ জন। আরোগ্য লাভ করেছেন ৪ জন এবং আইসোলেসনে আছেন ৯১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ১৩ দশমিক ৮৬ শতাংশ।

  • [১]