স্টাফ রিপোর্টার
শাল্লার নোয়াগাঁওয়ের ক্ষতিগ্রস্ত গ্রামবাসী বুধবার শাল্লা উপজেলা সদরে ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে। মানববন্ধনের ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল, ‘হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণ এবং দ্রুত বিচার নিস্পত্তি করতে হবে।’ দুপুর ১২ টায় উপজেলা সদরের শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই দাবি জানিয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসী।
একই সময়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়।
আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হক, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলামিন চৌধুরী, কৃষকলীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, আবুল লেইছ চৌধুরী, সাবেক সেচ্ছাসেবক লীগ সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, অজয় তালুকদার, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওছার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় শাল্লার সর্বস্তরের মানুষ। কেউ যাতে আইনের দুর্বলতায় রেহাই না পায়, সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আইনগত সহায়তা পেতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে সকল প্রকার সহযোগিতা করবে শাল্লা উপজেলা আওয়ামী লীগ। আর্থিক সহযোগিতাও দেবে দলের উপজেলা কমিটি। বুধবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘটনার প্রতিবাদে মানববন্ধন শেষে সমাবেশে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন।
বক্তারা বলেন, উগ্রবাদি মামুনুল হকের অনুসারীরা ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বিদের উপর হামলা ও ভাংচুর করে তা-বলীলা চালায়। এই হামলার সাথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও রামুর ঘটনার যোগসূত্র রয়েছে। আওয়ামী লীগের সকল উন্নয়নকে নস্যাৎ করার পরিকল্পনার অংশ হিসেবেই এই হামলা ঘটানো হয়েছে। শাল্লায় যুগযুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ফাটল ধরাতে চায় উগ্রবাদীরা। এই পরিকল্পনা সফল হতে দেব না।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা গত ১৭ মার্চ হামলা, লুটপাট ও ভাংচুর করেছে শাল্লার নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে। এসময় গ্রামের ৫ টি মন্দির ভাংচুর করা হয়। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মাওলানা মামনুল হককে কটাক্ষ করে স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বুধবার সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে এই তা-ব চালানো হয়।