স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়সকলস গ্রামের কাছে নাইন্দা নদী জলমহালটি ইজারাদারের কাছ থেকে অবৈধভাবে জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার জলমহালটি বেলা ১০ টায় ওই জলমহালটি স্থানীয় উজানীগাঁও গ্রামের বেশ কিছু প্রভাবশালী লোক দখল করেছেন বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৪২৩ বাংলা থেকে ১৪২৫ বাংলা পর্যন্ত নাইন্দা জলমহালটি সরকারের কাছ থেকে ইজারা নেন স্থানীয় জয়কলস মৎসজীবী সমবায় সমিতি। সমিতির পক্ষে জলমহালটি সমিতির সাধারণ সম্পাদক ধরনী বিশ্বাসের নামে ইজারা বন্দোবস্ত হয়। জয়কলস মৎসজীবী
সমবায় সমিতি জলমহলাটি ইজারা নেয়ার পর বাঁশ, কাটা দিয়ে ভোগদখল করছিলেন। কিন্তু গত শুক্রবার স্থানীয় উজানীগাঁও গ্রামের প্রভাবশালী রফিক মিয়া, তাজুল্লা মিয়া, মড়ল মিয়া ও মনর আলীসহ ৫০-৬০ লোক দেশীয় অ¯্রসস্ত্র নিয়ে ইজরাদারসহ তার লোকদের ভয়-ভীতি দেখিয়ে জলমহালটি বেদখল করে নেয়। জলমহাল দখলকারী প্রভাবশালী চক্রটি বর্তমানে ইজারাদারকে নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে।
জয়কলস মৎসজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধরনী বিশ্বাস দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ আমরা নিরীহ মানুষ। আমাদের মূল পেশা মাছ ধরে জীবিকা নির্বাহ করা। এই জলমহালটি সরকারের কাছ থেকে আমরা বৈধভাবে ইজারা নিয়েছি। কিন্তু উজানীগাঁও গ্রামের প্রভাবশালী লোকজন জোর করে দখল করে নেয়। সমিতির পক্ষে আমি থানায় অভিযোগ করেছি। আমরা নিরীহ ও গরিব মানুষ হিসাবে আমাদের জলমহালটি অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাই।’
দখলকারী হিসাবে অভিযুক্ত তাজুলা মিয়া বলেন, ‘আমরা জলমহালের দখলেই ছিলাম। গত ১২ বছর ধরে জলমহাল আমরা ভোগদখল করছি। আমাদের দখলকৃত জলমহাল ইউএনও সাহেব বেআইনিভাবে ইজারা দিয়েছেন। আমরা উচ্চ আদালত থেকে আদেশ পেয়েছি।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা এসআই ওয়াসিম আল বারী বলেন,‘জয়কলস মৎসজীবী সমবায় সমিতি নাইন্দা নদী জলমহালটি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ইজারা নিয়েছেন। অপরদিকে স্থানীয় আরেকটি পক্ষ দাবি করছেন তারা এই জলমহালটি ভোগ দখলের জন্য উচ্চ আদালত থেকে একটি আদেশ পেয়েছেন। আদেশ পাওয়ার দাবিদার পক্ষকে সকল নিয়ম-নীতি মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দখল সমঝে নেয়ার জন্য বলা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি শৃংখলা নিরপত্তার জন্য উভয় পক্ষকে আপতত জলমহাল থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং আগামী ২২ তারিখ সবাইকে নিজেদের কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে।’