- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ.সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬, গ্রেফতার ৭

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন । আহতরা হলেন জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত সুরেন্দ্র দাসের ছেলে সুরঞ্জিত চন্দ্র দাস সুভল, তাহার স্ত্রী সুমিত্রা রানী দাস, সুভাষ চন্দ্র দাসের ছেলে চয়ন কুমার দাস, রাজিব চন্দ্র দাস, মৃত আনন্দ মোহন দাসের ছেলে মতিলাল অরফে মতু দাস, ধীরেন্দ্র দাস।
এ ঘটনায় সুরঞ্জিত চন্দ্র দাস সুভলের পক্ষের ২ জন এবং মতিলাল পক্ষের ৫ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। গুরুতর আহত সুরঞ্জিত চন্দ্র দাস সুভলকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের মতিলাল দাস গং ও সুরঞ্জিত চন্দ্র দাস সুভল গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজামা ও বিয়ে সাদীর বিষয় নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকাল ৭টায় সুভল দাসকে মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় একা পেয়ে মতিলাল গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাকে মারধর শুরু করে। চিৎকার শুনে সুভল দাসের লোকজন এগিয়ে আসলে দু-পক্ষের সংঘর্ষে সুভল ও তার পরিবারের ৪ জন ও মতিলাল ও তাহার ভাই আহত হন। খরব পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং উভয় পক্ষের ৭ জনকে গ্রেফতার করে সুভলের পক্ষের ২ জনকে ৫৪ ধারায় এবং মতিলাল সহ তাহার গ্রুপের ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ০২ তারিখ ৩ মার্চ ২০২১ ইং।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদীর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের ৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • [১]