- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে বাঁধের কাজ হয়নি অর্ধেকও

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাঁচির ভাঙ্গা হাওর, দেখার হাওর, সাংহাইর হাওর, জামখোলা হাওর, খাইর হাওরের কৃষকদের ২২ হাজার ২ শত ৭৫ হেক্টর জমির ফসল রক্ষায় নির্মিত বাঁধ এবং ক্লোজারের কাজ শুরু হলেও নির্মাণ কাজ এখনও শেষ হয়নি।
সরজমিনে কাঁচির ভাঙ্গা হাওর, দেখার হাওর, সাংহাইর হাওর, জামখোলা হাওর, খাইর হাওরের বিভিন্ন উপ প্রকল্পের বাঁধ ঘুরে দেখা যায় অধিকাংশ বাঁধই ঝুঁকিপূর্ণ এবং বাঁধের কাজ চলছে ধীর গতিতে। বাঁধের কাজের অগ্রগতি নেই বললেই চলে। কৃষকদের মতে এখন পর্যন্ত কাজ হয়েছে ৩০ থেকে ৪০ ভাগ।
অপরদিকে মঙ্গলবার দরগাপাশা ইউনিয়নের খাইর হাওর উপ প্রকল্পের আক্তাপাড়া ব্রীজের পূর্ব পাশ, সিচনী ব্রীজ ভাঙ্গা বন্ধকরণ প্রকল্পের অধীনে এলোংগীর হাওরের উত্তর পাড় ঘুরে দেখা যায় প্রকল্পের পিআইসি দরগাপাশা ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুর রহমান সিচনী ব্রীজ ভাঙ্গা বন্ধকরণ অংশে মাটিকাটার খরচ বাঁচাতে বাঁধের নিচ থেকে মাটি উত্তোলন করে নির্মাণ করছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক বাঁধের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
অপরদিকে পূর্ব পাগলা ইউনিয়নের দেখার হাওর অংশে পিআইসি ইউপি সদস্য       
রুপন মিয়ার নির্মাণাধীন পুইট্টা বাঁধ ঘুরে দেখা যায়, নির্মাণাধীন বাধটি মূল মাটি হইতে প্রায় সাড়ে ৩ ফুট নিচে এবং অনেক অংশে বাঁধের ড্রেসিংসহ বাঁধের উচ্চতা, ঢাল, চওড়া, প্রশস্তকরণের সিংহভাগ কাজই ত্রুটিপুর্ণ। অথচ নীতিমালা অনুযায়ী সাধারণ বাঁধের ১২ ফুট, ক্লোজারের ক্ষেত্রে ৩২ ফুট দূরত্বে মাটি উত্তোলনের কথা রয়েছে। সঠিকভাবে বাঁধ নির্মাণ না করা হলে আগাম বন্যার পানিতে তলিয়ে যেতে পারে এখানকার ফসল এমনই আশংকা করছেন কৃষকগণ। এসব এলাকার নদীর নাব্যতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় নদীর পানি প্রবাহ ও ধারণ ক্ষমতা হারিয়ে মরা নদীতে পরিণত হয়েছে। ফলে সামান্য বৃষ্টি ও পাহাড়ী ঢলে নদীর তীর উপচে পানি হাওরে প্রবেশ করে।
স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা বলেছেন, কোথাও কোথাও বাঁধ ও ক্লোজারের কাজ ৪০ ভাগেরও কম হয়েছে।
স্থানীয় একাধিক কৃষকের সাথে আলাপ কালে জানা যায়, চলতি বছরে অন্য বছরের চেয়ে বাঁধ অনেক নিচু হয়েছে, দুর্বল হয়েছে। পাহাড়ি ঢল এলে নদীতে যে পরিমাণ পানি হয় এ বাঁধে তা রক্ষা হবে না।
দক্ষিণ সুনামগঞ্জের খাইর হাওরের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী এসও মোসাদ্দেক হোসেন  জানান, খাইর হাওরে প্রায় ৪৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ শীঘ্রই সম্পন্ন হবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির জানান, বাঁধের পাশ থেকে মাটি উত্তোলন করায় কাজ বন্ধ করে দিয়েছি। পাশাপাশি প্রতিদিন উপজেলার অন্যান্য বাঁধ পরিদর্শন করছি। শীঘ্রই সবগুলি বাঁধের কাজ সম্পন্ন করার জন্য পিআইসি কমিটি ও সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছি ।

  • [১]