- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে বিদ্যুতের দাবিতে অবরোধ ও সংঘর্ষ এক পুলিশসহ আহত ১০, আটক ৩

স্টাফ রিপোর্টার
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবিতে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের নোয়াখালী বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে করেছে স্থানীয়রা। এসময় পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের নাম রিয়াজ উদ্দিন। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নোয়াখালী বাজার থেকে তিনজন কে আটক করেছে। আটকৃতরা হলেন, বাজারের হোটেল ব্যবসায়ী জামালবাজ গ্রামের গেদু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫), বাজারের ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন (২২) ও অলি আহমদ (২৫)। আটককৃতদের  
 দক্ষিণ সুনামগঞ্জ থানায় রাখা হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার ভোর ৬টায় কুফা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার খেলা ছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় নোয়াখালী বাজার ও আশপাশের মানুষ খেলা দেখতে পারেনি। বিদ্যুতের দাবিতে সকালে এলাকাবাসী তেলের ড্রাম ফেলে সুনামগঞ্জ- দিরাই সড়কটি অবরোধ করে রাখে। অবরোধ তুলে নেয়ার জন্য পুলিশ ও অবরোধকারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে এলাকাবাসী। কিন্তু এলাকাবাসীর দাবি, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠি চার্জ করেছে।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন জানান, আর্জেন্টিনার খেলা দেখার জন্য ভোরে বিদ্যুৎতের দাবিতে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়েছিল। যার কারণে সড়কে যানজট সৃষ্টিসহ সাধারণ যাত্রীরা হয়রানীর শিকার হয়েছেন। অবরোধকারীদের রাস্তা থেকে সরে যেতে বললে উল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে পুলিশের ভ্যান চালক রিয়াজ উদ্দিন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  • [১]