- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ভরাডুবি বিএনপি’র

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলার ছাতকের পর এবার চরমভাবে ধরাশায়ী হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিএনপির প্রার্থীরা। ৮টি ইউনিয়নের মধ্যে মাত্র একটি ইউনিয়নে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী, অন্য ৭টিতেই চরমভাবে ভরাডুবি হয়েছে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীদের।
উপজেলার পাথারিয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন। উপজেলা ও তৃণমূল পর্যায়ে বিএনপির গ্রুপিং ও কোন্দলের    কারণে এই ভরাডুবি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির দুই গ্রুপের বিভক্তির রাজনীতির ফসল ঘরে তোলেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিএনপির নেতাকর্মীরা দুইভাবে বিভক্ত হওয়ার রাজনীতির ফল এটি বলেও মন্তব্য করেছেন অনেকেই।
উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ বলেন,‘ আমাদের বিএনপির প্রার্থীর চরম ভরাডুবি হয়েছে  এটা ঠিক নয়। আমারা জোটগতভাবে তিনটিতে বিজয়ী হয়েছি। পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও তারা আমাদের প্রার্থী। পূর্ব পাগলায় নূরুল হক বিএনপি নেতা ও পূর্ব বীরগাঁওয়ের নূর কালাম জামায়াতের নেতা। নির্বাচনে সরকার দলীয় প্রার্থীরা নানাভাবে প্রভাব বিস্তার করেছিল। নির্বাচনে আমাদের রাজনৈতিক পরিবেশ প্রতিকূল অবস্থায় ছিল। ’
উপজেলা বিএনপির একাংশের সভাপতি নূর আলীর সাথে কথা বলতে চাইলে বেশ কয়েকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি।

  • [১]