- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ভূমি জরিপে অনিয়ম

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন মৌজার চলমান ভূমি জরিপের ৩১ ধারায় নিয়োজিত উপজেলা ভূমি সেটেলমেন্ট অফিসের আপীল অফিসার, পেশকার ও জারীকারকরা বেপরোয়া অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভূমি মামলার পক্ষ বিপক্ষীয় ব্যক্তিগণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
টাকা ছাড়া ভূমি জরিপের ৩১ ধারার মামলা নিষ্পত্তি করা হয় না এবং জমির প্রকৃত মালিকের নামে রেকর্ড হয়না বলে ভূমি মালিকরা জানিয়েছেন। ভূমি জরিপে নিয়োজিত জরিপ অফিসারদের দাবীকৃত টাকা না দিলে ৩১ ধারা রেকর্ডের ঝামেলা হবে বলে জমির মালিকরা বাধ্য হয়ে টাকা দিচ্ছেন।
সরেজমিনে উপজেলা সেটেলমেন্ট অফিসের অধীনে শান্তিগঞ্জ বাজারের ৩১ ধারা জরিপ অফিসে গিয়ে দেখা গেছে, ৩১ ধারা শুনানী চলাকালে প্রকাশ্যে টাকার ছড়াছড়ি চলছে। এজলাসে বসে এবং অফিসের বাহিরে কখনও পেশকার ও জারিকারক এবং দালালদের মাধ্যমে অবৈধ টাকার লেনদেন সেরে নিচ্ছেন অফিসাররা। স্থানীয় কয়েকজন মোহরী ও সেটেলমেন্ট কেন্দ্রীক দালালরা এর সাথে প্রকাশ্যে জড়িত রয়েছেন। শুনানীকালে জরিপ অফিসাররা ভূমি মালিকদের প্রমাণাদি পর্যালোচনা না করে টাকার অংক বিবেচনা করে সবকিছুই পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে প্রকৃত জমির মলিকগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় একাধিক পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধপূর্ণ জমির শুনানী শেষে ফাইল গোপন রেখে কার পক্ষে শুনানী গেছে তা না জানিয়ে উভয় পক্ষকে টাকার অংক বেঁেধ দেওয়া হয়। এক্ষেত্রে মামলার নিষ্পত্তি হলেও অনেক ভূমি মালিকরা মাসের পর মাস ধরণা দিয়েও তারা তাহাদের কাঙ্খিত কাজটি সমাধন করতে পারছেন না। বর্তমানে  
শতকরা ৯০ জনের ঘরে খোরাকি নেই। আর এরই মধ্যে ৩১ ধারার জরিপের নামে চলছে ফ্রি-স্টাইলে চাঁদাবাজী। দরিদ্র কৃষকের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিত্তবানরা টাকার বিনিময়ে ৩১ ধারার রায় তাদের পক্ষে কার্যকর করে নিচ্ছে। ফলে কৃষকের হয়রাণীর যেন শেষ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জমির মালিক জানিয়েছেন, তাদের জমির কাগজপত্র সব কিছু ঠিক থাকার পরও টাকা দিতে হচ্ছে। আবার অনেকে মোটা অংকের টাকা দেওয়ার পরও ৩১ ধারার রেকর্ড সমস্যা হবে বলে বিবেচনা করে মুখ খুলছেন না। স্বচ্ছভাবে উপজেলার বিভিন্ন গ্রামের ভূমি জরিপের কাজ সম্পন্ন করতে এক্ষেত্রে অনিয়ম দুর্নীতি দূর করতে প্রশাসনিক নজরদারী বৃদ্ধির দাবী জানিয়েছেন ভূমি মালিকরা।
জয়সিদ্ধি গ্রামের সুমন মিয়া জানান, আমার চাচার মামলার শুনানীতে এসেছি। এখানে এসে দেখছি টাকা ছাড়া কিছুই হয় না। যদি কেউ টাকা দিতে না চায় তাহলে তাকে অফিস থেকে কর্কশ ভাষায় ধমকানো হচ্ছে।
হরিপুর গ্রামের আহমদ আলী জানান, এজলাসে বসে বাদী ও বিবাদী পক্ষকে তাৎক্ষণিক শুনানীর রায় দেয়া হয় না। টাকা নিয়ে অফিসারদের বাসায় রাতে গিয়ে যোগাযোগ করতে বলা হয়। বোরো ফসল হারিয়ে আমরা নিঃস্ব। ৩১ ধারায় জয়ী হতে টাকা লাগে, এখন টাকা কোথায় পাই। টাকা না দিলে জমি চলে যাবে অন্যের কাছে।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসার মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে এ প্রতিবেদককে বলেন,‘ এব্যাপারে বক্তব্য এখন দিতে পারবো না। আপনি অফিসে আসেন। আপনার সাথে বসবো।

  • [১]