দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পঞ্চগ্রাম এমদাদুল উলূম কামরূপদলং মাদ্রাসার অফিস কক্ষে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী পুলিশের সহযোগিতায় এলাকার চিহ্নিত সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে।
আটক চোরচক্রের সদস্যরা হল, উপজেলার কামরূপদলং গ্রামের শাছুদ্দিনের ছেলে সৈয়দুর রহমান (২৫), আছদ্দর আলীর ছেলে সোহাগ মিয়া (৩০), ওয়াহিদ আলীর ছেলে রোশন আলী (৩৫), মৃত ইছবর আলীর ছেলে আলী হোসেন (৩৫), মৃত আজর আলীর ছেলে আজির উদ্দিন (৩২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার পঞ্চগ্রাম এমদাদুল উলূম কামরূপদলং মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন শেষে এক সপ্তাহের জন্য
মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়। চোরেরা গত শুক্রবার রাতে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙ্গে ক্যাশবাক্স থেকে এক লক্ষ দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকার লোকজনদের স্থানীয় চিহ্নিত চোরদের মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে কামরূপদলং গ্রামের ছমির মিয়া (৪০), আমিন মিয়া (৩৫), ইসলাম মিয়া (৩৮), জুনাই মিয়া (৪২) চুরির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ আটককৃত চোরদের নিয়ে তাদের বাড়ী তল্লাশী করে আজির উদ্দিন, সোহাগ মিয়া ও সৈয়দুর রহমানের বসত ঘর থেকে মোট ৩০ হাজার টাকা উদ্ধার করে। চুরির ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে মাও. আব্দুল হাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন, ‘বলেন চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক চোরদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’