- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দশম শ্রেণির এক স্কুল ছ্ত্রাীকে ধর্ষণের অভিযোগে গ্রামের রিয়াজ আহমদ রুপন (২৭) নামের এক যুবককে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। স্কুল ছাত্রীর বাবা অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রুপন বীরগাঁও পশ্চিম পাড়ার তাজ নূরের ছেলে। তবে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছে অভিযুক্ত রুপন।
জানা যায়, একই গ্রামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিলো রুপনের। ওই স্কুল ছাত্রীর দাবি মঙ্গলবার রাতে রুপন তাকে ফুসলিয়ে তার বসতঘরে নিয়ে যায় এবং বিয়ে করার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে সকালে বিয়ে করবে না বলে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে সেখানেই অবস্থান করে  ওই ছাত্রী। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রুপনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ ব্যপারে পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কালাম বলেন, আমার জানা মতে অভিযোগ পুরোপুরি      
সঠিক নয়। যদি মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় ছেলে দোষী তাহলে তার শাস্তি হোক সেটা আমরা চাইবো। ওই মেয়ের পক্ষে আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে।’
স্কুল ছাত্রীর বাবা বলেন, ‘আমি আমার মেয়ের সাথে করা ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার মেয়েকে প্রলোভন দেখিয়ে সর্বনাশ করেছে রুপন। সুষ্ঠু বিচারের দাবিতে থানায় মামলা করেছি।’
অভিযুক্ত রিয়াজ আহমদ রুপক বলেন, ‘আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। একজন সফল ব্যবসায়ী পরিচিতি পাওয়ায় আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এমন চক্রান্ত করছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমীন বলেন, ‘স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। তার ডাক্তারী পরীক্ষা করানো হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে দোষ প্রমাণিত হলে আসামী গ্রেফতার করা হবে।’

  • [১]