স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে চিনাকান্দি বাজারের ধামালিয়া নদীর ভরাটকৃত খাসজমির উপর মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে নির্মিত শহীদ মিনারের জায়গা দখলের অভিযোগ উঠেছে।
এঘটনায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন মুক্তিযোদ্ধা কল্যাণ পুনর্বাসন সোসাইটি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার আজাদ।
অভিযোগে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এলাকার স্বাধীনতাকামী জনসাধারণ ধামালিয়া নদীর ভরাটকৃত খাস জমির উপর শহীদ মিনার স্থাপন করেন। ১৯৭১ এর পর থেকে এই শহীদ মিনারে স্বাধীনতা দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করে আসছেন স্থানীয়রা। মেরুয়াখলা মৌজার ১ নং খতিয়ানে ৩০৫০ সাবেক দাগে ও ৪০৮৭ নং হাল দাগে ৩.৩০ শতাংশ মূল শহীদ মিনার থাকলেও শহীদ মিনারের আশেপাশের ০.৬০ শতক জায়গা ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও তার ভাই খালেদ, সেলিম, ছালেক নামে আরো কয়েকজন দোকানপাট ও ঘরবাড়ি তোলে জোরপূর্বক দখল করে আছে। সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে ঘরবাড়ি, দোকানপাট গড়ে তোলায় দিন দিন শহীদ মিনারের জায়গা ছোট হয়ে যাচ্ছে। বর্তমানে শহীদ মিনারের মাত্র ০.০২ শতক জায়গা রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার শহীদ মিনার ও সরকারি খাস জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন,‘ শহীদ মিনারের জায়গা বহাল তবিয়তে আছে। আমরা আমাদের জায়গায় আছি। এ ব্যাপারে মহামান্য হাইকোর্টে একটি মামলাও চলমান আছে।’