- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শহীদ মিনার দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারে বিরুদ্ধে চিনাকান্দি বাজারের শহীদ মিনার দখল করে বসত-বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা  কল্যাণ পুর্নবাসন সোসাইটির সভাপতি আব্দুল ছাত্তার আজাদ শহীদ মিনার উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রবিবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
তবে অভিযোগ মিথ্যা দাবি করে ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন,‘আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হয়েছে। আমি কোথাও শহীদ মিনার দখল করে বসতবাড়ি নির্মাণ করিনি। যে ভূমি নিয়ে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আদালতে মামলা রয়েছে।’
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধের শেষে দেশ স্বাধীন হওয়ার পর চিনাকান্দি বাজার ও আশপাশের লোকজন প্রাচীন ধামালিয়া নদীর ভরাট হয়ে যাওয়া খাস জমিতে সে সময় শহীদ মিনার  তৈরি করেছিলেন। কিন্তু ১০-১২ বছর পূর্বে  রফিকুল ইসলাম তালুকদার অবৈধভাবে শহীদ মিনারের ভূমি দখল করে বসত-বাড়ি নির্মাণ করেন। এছাড়া রফিকুল ইসলাম তালুকদাররের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে জালিয়াতির মাধ্যমে চিন্কাান্দি বাজার দখল ও মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।’

  • [১]