- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মঘটের ২য় দিনেও দুর্ভোগ

স্টাফ রিপোর্টার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও বাস, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। যানবাহন না পেয়ে নিরুপায় হয়ে পড়েছেন তারা। এ অবস্থায় তারা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে সে জন্য যাত্রীদের গুনতে হচ্ছে বেশি ভাড়া।
সরেজমিনে শনিবার দেখা যায়, স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা। যদিও তা প্রয়োজনের তুলনায় ছিল অনেক কম। সড়কে বাস না পেয়ে যাত্রীদের অনেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অটোরিকশা সহ হালকা যানবাহনে নেওয়া হচ্ছে বেশি ভাড়া। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায়ই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
সাধারণ মানুষজন বলছেন, হঠাৎ করে তেলের দাম বাড়ানোয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। এছাড়াও চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।
প্রসঙ্গত, গত বুধবার মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। এর ফলে ডিজেল ও কেরোসিন তেলের নতুন দর হয় প্রতি লিটার ৮০ টাকা; যা এতদিন ছিল ৬৫ টাকা। এরপরই শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন মালিকরা তেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেন। অঘোষিত পরিবহন ধর্মঘটের প্রথম দিনে ঘর থেকে যারা বের হয়েছেন, তারা সীমাহীন ভোগান্তিতে পড়েন। পথে পথে ছিল দুর্ভোগ। শিশু ও বয়স্কদের পড়তে হয় সবচেয়ে খারাপ অবস্থায়।

  • [১]