ধর্মপাশা প্রতিনিধি
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের দায়ে সন্দীপ সেন নামের এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন। শুক্রবার সকালে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। হ্যাকার সন্দীপ সেন ধর্মপাশা উপজেলার সদরের বাসিন্দা সঞ্জিত সেনের ছেলে।
জানা যায়, সন্দীপ ঢাকার এক বিশিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের কাছে টাকা চেয়ে এসএমএস পাঠায়। এসএমএস পাওয়া ব্যক্তিদের এতে সন্দেহ হলে হ্যাক হওয়া অ্যাকাউন্টের মালিকের কাছে মোবাইল ফোনে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাইলে প্রতারণার বিষয়টি সামনে আসে। টাকা পাওয়ার জন্য হ্যাকারের ব্যবহৃত বিকাশ নম্বরের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করার পর প্রযুক্তির মাধ্যমে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন তাকে সনাক্ত করে। এ ব্যাপারে গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।