ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আকস্মিক অগ্নিকান্ডে বসতঘরসহ গবাদিপশু পুড়ে ছাই হয়েছে। এ সময় গোয়ালঘরে থাকা ৫টি গরু ও ৮টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বাহিরকান্দা গ্রামের জহুর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে পুড়ে যাওয়া গবাদি পশু, গোয়ালঘর ও একটি বসতঘর জহুর আলীর ছেলে রুবেল মিয়ার বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার সেলবরষ ইউনিয়নের বাহিরকান্দা গ্রামের রুবেল মিয়ার গোযালঘরে বিদ্যুতের শর্টসার্র্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু গ্রামের রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে প্রবেশ করতে পারেনি। আগুনে বসতঘরে থাকা সমস্ত আসবাবপত্র এবং গোয়ালঘরে থাকা ৫টি গরু ও ৮টি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ৭/৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জহুর আলীর ছেলে মো. রুবেল মিয়া বলেন, ‘কারেন্টের আগুনে আমাদের ঘরবাড়ি ও গরু, ছাগলসহ সমস্ত কিছু পুড়ে গেছে। বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি।’
সেলবরষ ইউপি চেযারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন বলেন, ‘তাদের থাকার ঘরসহ সবকটি ঘর আগুনে পুড়ে গেছে। এই আপতকালীন সময়ে যাতে প্রশাসনের পক্ষ থেকে কিছু টিন দিয়ে তাদের সহায়তা করা হয় এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন,‘আগুন লাগার খবরটি আমি শুনেছি। আমাদের এখানে সরকারি টিন আসলে তাদের কিছু টিন দিয়ে সহায়তা করা হবে এবং আগামীতে সরকারি ঘর আসলে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে একটি ঘর করে দেওয়া হবে।’