- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় আরও পাচঁটি হাওর তলিয়ে গেছে

এনামুল হক এনি, ধর্মপাশা
কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আরও পাঁচটি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৪৩০০ হেক্টর জমির ফসল। এ উপজেলায় চাষাবাদকৃত ৩১ হাজার হেক্টর জমির মধ্যে শুক্রবার রাত থেকে রবিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৮২০৬ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। একের পর এক ফসল ডুবির ঘটনায় হাওর পাড়ের কৃষকদের মাঝে হাহাকার বিরাজ করছে।
জানা যায়, শনিবার বিকেল পাঁচটা থেকে রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত উপজেলার পাঁচটি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে আরও ৪৩০০ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে যায়। কাটাখালি বাঁধ ভেঙে ধারাম হাওরে ২ হাজার হেক্টর, টগার বাঁধ ভেঙে ১ হাজার হেক্টর, বোয়ালা বাঁধ ভেঙে বোয়ালা হাওরে ৬০০ হেক্টর, শালদিঘা বাঁধ ভেঙে শালদিঘা হাওরে ৩০০ হেক্টর ও হামলাদিঘা      বাঁধ ভেঙে হামলাদিঘা হাওরে ৪০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়।
কান্দাপাড়া গ্রামের কৃষক সাইফুর রহমান কাঞ্চন বলেন, ধারাম হাওরে আমি ৬ একর জমি চাষাবাদ করেছিলাম।  পানি উন্নয়ন বোর্ডের ও প্রকল্প চেয়ারম্যানের গাফিলতির কারণেই কাটাখালি বাঁধ ভেঙে আমার জমিসহ ধারাম হাওরের সব জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। আমি বাঁধের কাজের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ বলেন, ভারি বর্ষণে এ উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসল বাঁধ ভেঙে ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, বাঁধ ভেঙে যাতে আর কোনো ফসল ডুবির ঘটনা না ঘটে সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে।

  • [১]