ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ আহমদ কেসলুর বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ)’র অধিগ্রহণকৃত জমি থেকে দুটি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বুধবার দুপুরে ধর্মপাশা-মোহনগঞ্জ সড়ক থেকে মো. সাখোয়ার হোসেন নামের এক শ্রমিককে আটক করেছে পুলিশ। মো. সাখোয়ার হোসেন সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মৃত মরমুজ আলীর ছেলে। অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগে ফরিদ আহমেদ কেসলুসহ তিন জনকে আসামি করে ধর্মপাশা থানায় মামলা করা হয়েছে।
জানা যায়, ফরিদ আহমেদ কেসলু বুধবার সকাল থেকে ধর্মপাশা থানার উত্তরে ধর্মপাশা-মোহনগঞ্জ সড়কের পাশে সওজের অধিগ্রহণকৃত জায়গায় লাগানো দুটি আকাশী গাছ কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়োগ করেন। স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) এর লোকজন দুপুর দুইটার দিকে ওই সড়কে আসেন। এ সময় গাছগুলো কেটে ট্রলি দিয়ে নিয়ে যাওয়ার সময় শ্রমিক মো. সাখোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং গাছ কাটায় ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে পুলিশ পার্শ্ববর্তী করাতকল থেকে কাটা গাছের টুকরো উদ্ধার করে।
উল্লেখ্য, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নেত্রকোণা সওজের লোকজন গত ছয় মাস ধরে ধর্মপাশা উপজেলার সওজের সম্পদ রক্ষণাবেক্ষণ করে আসছে।
অভিযুক্ত ফরিদ আহমেদ কেসলু গাছ কাটা হয়নি দাবি করে বলেন, ঝড়ে গাছগুলো হেলে পড়ায় গাছের ডালপালা কাটা হয়েছে।
নেত্রকোনা সড়ক ও জনপথের উপ-সহকারি প্রকৌশলী মো. মোফাখখারুল ইসলাম বলেন, সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং গাছ কাটার সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। করাতকল থেকে কাটা গাছের টুকরো উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তাঁরা এসে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছে।