ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রী। স্কুল ছাত্রীর বাবা ও মা মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে বুধবার বিকেলে ইউএনওর কাছে মোচলেকা দিয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীটির গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। উপজেলা নির্বাহী মো. মামুন খন্দকার খবর পেয়ে ওইদিন রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রীর বাড়িতে যান। ছাত্রীর বয়স ১৮ বছর হয়নি প্রমাণিত হলে ইউএনও ছাত্রীর মা ও বাবাকে বুধবার তাঁর কার্যালয়ে আসতে বলেন। বুধবার ছাত্রীসহ তার মা বাবা ইউএনওর কার্যালয়ে আসেন। এ সময় ইউএনও বাল্য বিয়ের কুফল তুলে ধরলে মেয়েটির বাবা মা তাঁদের মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে মোচলেকা দেন। এ সময় স্কুল ছাত্রী জানায়, তাদের আর্থিক অনটনের কারণেই নিরূপায় হয়ে বিয়েতে রাজি হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার বলেন, ‘স্কুল ছাত্রী তার পড়াশোনা চালিয়ে যেতে চায়। এ ব্যাপারে তাকে সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যহত রয়েছে।’