ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইজিবাইক উল্টে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের মা ও বোনসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ধর্মপাশা-বাদশাগঞ্জ সড়কের রাজনগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে এমপির মা রাবেয়া রশিদকে (৫৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ওইদিন সকাল পৌনে ১১টার দিকে এমপির মা রাবেয়া রশিদ ও ছোট বোন মীনা আক্তার (৪০), পলমাটি গ্রামের নাসরিন আক্তার (৫০), ধোবালা গ্রামের হিরন মিয়া
(২৫) সহ আরো কয়েকজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক নওধার গ্রামের সামনে থেকে ধর্মপাশার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে ইজিবাইকটি রাজনগর গ্রামের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাবেয়া রশিদ, মীনা আক্তার, নাসরিন আক্তার, হিরন মিয়া আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নিয়েছেন। তবে রাবেয়া রশিদের ডান কাঁধের একটি হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনার পর পরই ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে থেকে পালিয়ে গেছে। এ ব্যাপারে আহতদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।