ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ঘুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির বরাদ্দ থেকে টাকা রেখে বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র কেনা হবে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যালয়ের অর্ধশতাধিক অভিভাবক মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ, সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানা যায়, এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়–য়া ১৭৯ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১৩১ জন শিক্ষার্থীকে গত ২০ জুলাই উপবৃত্তি দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যালয়ের পরিচালনা (ম্যানেজিং) কমিটির সভাপতি আমিরুল ইসলাম ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষার্থীর অভিভাবকদের উপবৃত্তির পুরো টাকা না দিয়ে বিদ্যালয়ের চেয়ার, টেবিল, বেঞ্চ কেনার কথা বলে প্রত্যেকের কাছ থেকে টাকা রেখেছেন। এছাড়াও সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ বিদ্যালয়ের উন্নয়ন কাজের টাকা আত্মসাত করার কথাও অভিযোগে উল্লেখ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম দাবি করেছেন, অভিভাবকদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উপবৃত্তির টাকা সুষ্ঠুভাবে বিতরণ করা
হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুল ইসলামও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন,‘যে সকল বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। যদি সত্যতা পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন,‘এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’