ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদারের সমর্থক কৌশিক লাল রায়’কে (৪৫) মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৌশিক লাল রায়ের বাড়ি ওই ইউনিয়নের গলহা গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার জানান, ওইদিন সকালে একই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী পরিতোষ সরকারের লোকজন কৌশিক লাল রায়কে নির্বাচনী প্রচারণা থেকে সরিয়ে দিতে তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে কিল-ঘুষি ও চড় লাথি মেরে গুরুতর আহত করেছে। ঘটনাটি তিনি থানা পুলিশকে জানিয়েছেন।
তবে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী পরিতোষ সরকার তাঁর লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন।
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।