- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় এডিপির বরাদ্দ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মোক্তারপুর গ্রামে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দকৃত অনুমোদিত একটি প্রকল্পের টাকা প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে মোক্তারপুর গ্রামবাসীর পক্ষে নজরুল ইসলামসহ কয়েকজন এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।
২০২০-২১ অর্থ বছরে এডিপি থেকে মোক্তারপুর গ্রামে একটি ঘাটলা নির্মাণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। আর এ কাজ বাস্তবায়নের জন্য ওই ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য সালমা আক্তারকে সভাপতি করে পিআইসি গঠন করা হয়। কিন্তু সালমা আক্তার পারিবারিক কাজে ব্যবহারের জন্য কৌশলে তার বাড়ির পেছনে এ প্রকল্প বাস্তবায়ন করেন। যা গ্রামবাসীর কোনো উপকারে আসবে না। তাই গ্রামবাসী স্থানীয় মসজিদ ও স্কুল সংলগ্ন স্থানে ওই ঘাটলাটি নির্মাণসহ প্রকল্প কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগকারী নজরুল ইসলাম বলেন, ‘সালমা আক্তার তার বাড়ির পেছনে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য যে ঘাটলাটি নির্মাণ করেছেন তা গ্রামবাসীর কোনো উপকারে আসবে না। জনস্বার্থে দেওয়া সরকারি বরাদ্দ ব্যক্তিগত কাজে ব্যবহার করা আইন পরিপন্থি ও দূর্নীতির সামিল। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাই।’
অভিযুক্ত প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সালমা আক্তার বলেন, ‘প্রকল্পের কাগজে সিদ্দিক মিয়ার (সালমা আক্তারের স্বামী) বাড়ির পেছনে নদীর পাড়ের কথা উল্লেখ ছিল। তাই বাড়ির পেছনে তা নির্মাণ করা হয়েছে।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফ উল্লাহ খান বলেন, ‘তার (সালমা) বাড়ির পেছনে নয় নদীর পাড়ে যেখানে ট্রলার থামে সেখানেই নির্ধারিত স্থানে ঘাটলা নির্মাণ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

  • [১]