ধর্মপাশা প্রতিনিধি
অকাল বন্যার পানি ও অনিয়মের কারণে বাঁধ ভেঙে ফসল তলিয়ে ধর্মপাশা উপজেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের মোট তিনশ ৬৪ কোটি ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য উপস্থাপন করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ কৃষিখাতে তিনশ ৫১ কোটি টাকা, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম মৎস্যখাতে ৪০ লাখ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া প্রাণিসম্পদের গোখাদ্যসহ ১৩ কোটি টাকার ক্ষতির হিসেব সবার সামনে তুলে ধরেন। যার মোট পরিমাণ তিনশ ৬৪ কোটি ৪০ লাখ টাকা।
সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁদের বক্তব্য তুলে ধরেন। বক্তরা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, চামরদানি ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক দীপু, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক দৈনিক আমাদেরসময় প্রতিনিধি সাজিদুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক সুনামকণ্ঠ প্রতিনিধি চয়নকান্তি দাস, প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদ, সমকাল প্রতিনিধি এনামুল হক প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, ‘মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মতামত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং কর্তৃপক্ষের নির্দেশেই দুর্যোগ মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’