ধর্মপাশা প্রতিনিধি
পত্রিকায় সংবাদ প্রকাশের পর ধর্মপাশা উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউ) চেয়ারম্যান আশুতোষ হাজংয়ের বিরুদ্ধে নিজ সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা গ্রহণ ও উপকারভোগীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়াসহ বিভিন্ন অনিয়মের তদন্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এদিকে ভবিষ্যতে কোনো প্রকল্প আসলে তা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আশুতোষ হাজংয়ের বিরুদ্ধে ২০১৯-২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ধর্মপাশা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ১০টি সেমিপাকা ঘর, ৩০টি বাইসাইকেল, শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণসহ ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণের জন্য উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প নয়ছয় করে নিজে লাভবান হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তাই আশুতোষ হাজংয়ের মাধ্যমে আর যেন কোনো প্রকল্প বাস্তবায়ন না করা হয় সে জন্য গত বৃহস্পতিবার ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন। ওইদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশুতোষ হাজংয়ের বিরুদ্ধে অভিযোগ তদন্তে উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘অভিযোগ তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’