ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরশাদ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আরশাদ মিয়া ওই ইউনিয়নের রংচি গ্রামের আব্দুল হকের ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকের ওই ইউনিয়নের লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২৮ মার্চ সন্ধ্যায় ওই গৃহবধূ তার অন্তসত্বা পুত্রবধূর জন্য একই ইউনিয়নের পার্শ্ববর্তী বাট্টা গ্রামের এক কবিরাজের কাছ থেকে একটি তাবিজ আনতে গিয়ে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন উল্লেখ করে ১ এপ্রিল রাতে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ঢুলপুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক রতন চন্দ্র সরকারসহ একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আজাদ মিয়া (৪৮), রংচি গ্রামের আব্দুল হকের ছেলে আরশাদ মিয়া (৩৫), বংশীকুন্ডা গ্রামের সায়েব আলীর ছেলে ইউনুস মিয়া (৩৫) ও একই গ্রামের লালু মিয়ার ছেলে রফিকুল ইসলামকে (৩৫) আসামি করেন গৃহবধূ।
তিনি মামলায় উল্লেখ করেন, ওইদিন রাত ৮টার দিকে তাবিজ নিয়ে বাড়ি ফেরার পথে দক্ষিণউড়া গ্রামের নৃপেন্দ্র চন্দ্র বিশ্বাসের বাড়ির সামনে আসলে শিক্ষক রতন চন্দ্র সরকার আরো কয়েকজন তার গতিরোধ করে। এ সময় তারা তাকে (গৃহবধূ) সেখানকার একটি ওই চাপড়াঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। শিক্ষক রতন চন্দ্র সরকার টাকার বিনিময়ে স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, ‘আরশাদ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’