ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় রোকন মিয়া নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। রোকন মিয়া উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সদস্য। এ ঘটনায় বৃস্পতিবার দুপুরে গ্রাম পুলিশ কুতুব আলী বাদী হয়ে রোকন মিয়াসহ ছয়জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন।
জানা যায়, রোকন মিয়া ও তার লোকজন গত কয়েকদিন ওই ইউনিয়নের গাজীনগর গ্রাম সংলগ্ন সড়কের বাঁধ কেটে চাঁই পেতে মাছ শিকার করে আসছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান
আমানুর রাজা চৌধুরী জানতে পেরে এতে বাধা দেওয়ার জন্য গ্রাম পুলিশ কুতুব উদ্দিনকে বলেন। গত মঙ্গলবার রাতে কুতুব উদ্দিন মাছ শিকারের জন্য পোঁতা চাঁইগুলো তুলে এনে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখেন। পরে বুধবার সকালে রোকন মিয়াসহ পাঁচ ছয়জন ইউনিয়ন পরিষদে গিয়ে কুতুব আলী, তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করে।
ধর্মপাশা থানার এসআই অনির্বাণ বিশ্বাস জানান, গ্রাম পুলিশ কুতুব আলী বাদী হয়ে রোকন মিয়াসহ ছয়জনকে আসামী করে থানায় করেছেন।