ধর্মপাশা প্রতিনিধি
কবির মিয়া (২২) মোটরসাইকেল চালিয়ে গ্রামের পেছনের সড়ক ধরে বাড়িতে ফেরার পথে একই গ্রামের আরমান মিয়া (৬) মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। খবর শুনে আরমানের বাবা সাইদুর রহমানসহ তার স্বজনেরা কবির মিয়াকে বেধড়ক মারধর শুরু করেন। ছেলেকে মারধর করা হচ্ছে এমন খবর শুনে নিজ বাড়ি থেকে কবিরের বাবা ইসলাম উদ্দিন (৭৯) ঘটনাস্থলে যাওয়ার পথে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় এক
পল্লীচিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক কবির মিয়া জানান, তার মোটরসাইকেলের ধাক্কায় ওই আরমান মিয়া সামান্য আহত হয়। এতেই ছেলেটির বাবা, চাচাসহ তার স্বজনেরা তাকে বেধড়ক মারধর করে। এ খবর শুনে তার বাবা মারা গেছেন। তাকে যারা মারধর করেছে তারাই বাবার মৃত্যুর জন্য দায়ী।
ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত সাইদুরের বাড়িতে গিয়ে তাঁকে কিংবা অন্য কোন পুরুষকে পাওয়া যায়নি। তবে সাইদুরের মা হাজেরা খাতুন (৬০) জানান, তার নাতী কবিরের মোটরসাইকেলের নিচে পড়ে আহত হয়। আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, স্থানীয় এক পল্লী চিকিৎসক ওই ব্যক্তির মত্যু নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য লিখিত আবেদন করায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।