ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে মোবারক হোসেন (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার ধর্মপাশা-জয়শ্রী সড়কের কান্দাপাড়া নামক এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। মোবারক হোসেন নেত্রকোনার সদর উপজেলার মঈনপুর গ্রামের শওকত আলীর ছেলে।
তবে মোবারক হোসেন স্থানীয়
গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেছেন তিনি কোন জঙ্গি সংগঠনের সদস্য নন। ঢাকার সাভার এলাকার জামালুল উলুম জমিলা খাতুন কওমী মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি এবং এখানে বেড়াতে এসেছিলেন।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, আটককৃত ওই ব্যক্তি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মোবারক হোসেনকে ধর্মপাশা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়েছে, খবর পেয়ে তার পরিবারের লোকজন বাড়ি থেকে আসছেন বলে জানা গেছে।