- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় জলমহালের দ্বন্দ্ব নিরসনে মোচলেকা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মুক্তারখলাবিল নামক জলমহালের সীমানা নির্ধারণ নিয়ে ইজারাদারের লোকজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বন্দ্ব নিরসনকল্পে উভয়পক্ষ মোচলেকা দিয়েছে।
জানা যায়, মুক্তারখলাবিল জলমহালের ইজারাদার দাতিয়াপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আজিুজুর রহমান। ইজারাদার বিলের সীমানা ছেড়ে স্থানীয়      
 লোকজনের জমিতে বেড়িবাঁধ দিয়ে মাছ শিকার করছে। ফলে ইজারাকৃত বিলের বাইরে স্থানীয় জেলেরা মাছ ধরতে পারছে না বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। ওইদিন দুপুরে অনুষ্ঠিত বৈঠকে ইজারাদারের পক্ষে ইজারাদারের বড় ভাই বংশীকুন্ডা দক্ষিণ পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ নেতৃত্ব দেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে এ জলমহালের সীমানা দ্রুত নির্ধারণ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। তবে এ নিয়ে আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি বা কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটবে না এবং যদি ঘটে তাহলে উভয়পক্ষ দায়ী থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের কাছে মোচলেকা দিয়েছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. কামাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, ‘সীমানা নির্ধারণ নিয়ে ইজারাদার ও স্থানীয় লোকজনের মধ্যে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না ঘটে বা যদি ঘটে তাহলে উভয়পক্ষ দায়ী থাকবে বলে উভয়পক্ষ মোচলেকা দিয়েছে।’

  • [১]