- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় জল মহাল সেচে মাছ শিকারের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
স্থানীয় এক আওয়ামীলীগ নেতার প্রভাব দেখিয়ে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কাইঞ্জা জল মহাল সেচে মাছ শিকারের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে জল মহাল সেচে মাছ শিকার করলেও ওই নেতার ভয়ে কেউ অভিযোগ করতে সাহস পায়নি।
জানা যায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন কাইঞ্জা জল মহালটি ১ লাখ ৭৬ হাজার টাকা মূল্যে ১৪২২ বঙ্গাব্দ থেকে ১৪২৭ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা দেওয়া হয়। কাইঞ্জা জল মহালটি ইজারা পায় বাসুদ্দার ডোয়ার ও কুরসীকোনা কুড় মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তানবীর         
আহমেদ। জল মহাল ইজারা নীতিমালা অনুযায়ী জল মহাল সেচে মাছ শিকার করা মৎস্য আইনের পরিপন্থি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, ইজারাদার মৎস্য কর্মকর্তাকে আর্থিক সুবিধা দিয়ে গত শনিবার থেকে ইজারাদার তানবীর আহমেদ স্থানীয় এক আওয়ামীলীগ নেতার প্রভাব খাটিয়ে কাইঞ্জা জল মহালে শ্যালো মেশিন বসিয়ে জল মহালটি সেচে মাছ শিকার শুরু করে। স্থানীয়রা বিষয়টি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে জানালেও তিনি ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
ইজারাদার তানবীর আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কে বা কারা জল মহাল সেচে মাছ শিকার করেছে তা আমি জানিনা।
স্থানীয় কয়েকজন সংবাদকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার রাতে সদ্য যোগদান করা ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইলে জল মহাল সেচে মাছ শিকারের বিষয়টি জানালে তিনি মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। পরে বুধবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাইঞ্জা জল মহালে সরেজমিনে গিয়ে মাছ শিকারের সত্যতা পান।
উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, নিজের পকেটের টাকা খরচ করে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। কাইঞ্জা জল মহাল সেচে মাছ শিকারের সত্যতা পাওয়া গেছে। আমি ইজারাদারের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেইনি।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, এ বিযয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • [১]