ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাঁর অবর্তমানে বিধিমতে সিনিয়র সহকারী শিক্ষককে দায়িত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুর রহমান তাঁকে দায়িত্ব দেওয়ার জন্য লিখিতভাবেও আবেদন জানিয়েছেন। কিন্তু প্রধান শিক্ষক বিষয়টি আমলে জুনিয়র সহকারী শিক্ষক সুরাইয়া সুলতানাকে দায়িত্ব দিয়ে আসছেন।
হাবিবুর রহমানের ইনডেক্স নম্বর ৪৪০১৮৩ ও বেতন কোড ৯। অপরদিকে সুরাইয়া সুলতানার ইনডেক্স নম্বর ১০৪৫২২৩ ও বেতন কোড ১০। ফলে ওই সহকারী শিক্ষক তাঁর জুনিয়র। তবুও প্রধান শিক্ষকের অবর্তমানে হাবিবুর রহমানকে দায়িত্ব না দিয়ে সুরাইয়া সুলতানাকে দায়িত্ব দেন প্রধান শিক্ষক। যা সম্পূর্ণ বিধি বহির্ভূত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ বলেন, ‘হাবিবুর রহমান সিনিয়র শিক্ষক হলেও বিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তিনি পিছিয়ে আছেন। তাই অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়।’
এ ব্যাপারে কথা বলতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের বক্তব্য জানতে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।