- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ডুবে গেল সোনামড়লও

ধর্মপাশা প্রতিনিধি
কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ধর্মপাশায় আজরাখালি ফসল রক্ষা বাঁধ ভেঙে সোনামড়ল হাওরসহ আরও ১৩ টি হাওরের ৪ হাজার ৪১৫ হেক্টর জমির বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। এ নিয়ে ধর্মপাশা উপজেলায় ৫৯ টি হাওরের ১৯ হাজার ৬০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
জানা যায়, গত শুক্রবার থেকে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত এ উপজেলার ছোট বড় ৮২ টি হাওরের মধ্যে      
৫৯ টি হাওরের বাঁধ ভেঙে বোরো জমির ফসল পানিতে তলিয়ে যায়। এ বছর ধর্মপাশা উপজেলায় ৩১ হাজার হেক্টর বোরো জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত ১৯ হাজার ৬০০ হেক্টর তলিযে গেছে।
জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁ গ্রামের কৃষক হারুন অর রশিদ বলেন, সোনামড়ল হাওরে আমার ১২ কেয়ার জমিতে ফসল চাষ করেছিলাম। সে জমিও সোমবার রাতে তলিয়ে গেছে। পাউবো, পিআইসি ও ঠিকাদারদের গাফিলতির কারণে আমাদের আজরাখালি বাঁধটি ভেঙে গেছে। বাঁধের কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দাবি করছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ভাবে সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ বলেন, অতিবৃষ্টির কারণে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসল রক্ষা বাঁধ ভেঙে ৮২ টি হাওরের মধ্যে ৫৯ টি হাওরের ফসল ইতোমধ্যে তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, আমি উপজেলা চেয়ারম্যান সাহেবকে নিয়ে হাওর পরিদর্শনে আছি। বাকি বাঁধ গুলো যাতে রক্ষা করা যায় সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম চেষ্টা অব্যাহত আছে।  

  • [১]