ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল তিনটায় মো. মুক্তার হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে মধ্যনগর থানার পুলিশ।
জানা যায়, মো. মুক্তার হোসেনের সাথে একই গ্রামের এক তরুণীর বিয়ের কথা চলছিল। কিন্তু তরুণীর বাবা অন্য এক ছেলের সাথে তার বিয়ের দিন ধার্য করেন। এই খবর শুনে মুক্তার হোসেন বুধবার রাতে ঘর থেকে বের হন। বৃহস্পতিবার সকাল ছয়টার সুজাহর মিয়ার বাড়ির পেছনে একটি বড়ই গাছে ওই তরুণের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী।
মধ্যনগর থানার এসআই লুৎফর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।