- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় দলীয় প্রার্থীর বিপক্ষে মাঠে নেমেছেন ১ আ.লীগ নেতা

এনামুল হক এনি, ধর্মপাশা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বলে অভিযোগ উঠেছে। শামীম আহমেদ মুরাদ উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম আহমেদ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোহিত লাল তালুকদার ওরফে মুনের ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরীর প্রতিদ্বন্দ্বি হিসেবে শামীম আহমেদ মুরাদের আপন চাচা সেলিম আহমেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। অপরদিকে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের ছেলে মোহিত   লাল তালুকদার ওরফে মুন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন ফরহাদ আহমেদ।
গত বৃহস্পতিবার বিকেলে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে এক নির্বাচনী পথসভায় শামীম আহমেদ মুরাদ ফরহাদ আহমদের নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী মোহিত লাল তালুকদার ওরফে মুনের ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রেখেছেন। এ সময় তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কঠোর সমালোচনা ও নৌকা প্রতীক বিক্রি হয়ে গেছে বলে মন্তব্য করেন।
এছাড়াও শামীম আহমেদ মুরাদ গত সোমবার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম আহমদের ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।
এ ব্যাপারে কথা বলতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদের মুঠোফোনে কল করলেও তিনি নেটওর্য়াক সমস্যার কথা বলে প্রসঙ্গ এড়িয়ে ফোন রেখে দেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে ও বিদ্রোহী প্রার্থীদের পক্ষে শামীম আহমেদ মুরাদের কার্যকলাপ সম্পর্কে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জানিয়েছেন তিনি।
ইউপি নির্বাচেন আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে যদি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ পাওয়া যায় এবং তা প্রমাণিত হয় তাহলে ওই নেতাকে দল থেকে বহিস্কার করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।

  • [১]