এনামুল হক এনি, ধর্মপাশা
ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন না থাকায় ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানীয় বাজারে ভাড়া করা ঘরে এবং আরেকটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম অন্য ইউনিয়নের একটি বাজারে পরিচালিত হচ্ছে। ফলে ওই সকল ইউনিয়ন পরিষদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।
জানা যায়, চামরদানী ইউনিয়নের রামদীঘাতে বহু বছরের পুরনো একটি ইউনিয়ন পরিষদ ভবন থাকলেও তা দীর্ঘ বছর ধরে সংস্কার না করায় এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে মধ্যনগর বাজারে মধ্যনগর ইউনিয়ন কমিউনিটি সেন্টারে ভাড়ায় চামরদানী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। চামরদানী ইউনিয়নের জনগণকে সামান্য সেবা পেতেও কয়েক কিলোমিটার দূর্গম পথ পাড়ি দিয়ে মধ্যনগরে যেতে হয়। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিজস্ব ভবন না থাকায় বংশীকুন্ডা বাজারে একটি ভাড়া এর কার্যক্রম চলছে। এছাড়াও ভারতের সীমান্তবর্তী বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত থাকায় এ ইউনিয়ন পরিষদের কার্যক্রম মহিষখলা বাজারের একটি ভাড়া করা ঘরে পরিচালিত হচ্ছে। এতে একদিকে যেমন ওই সকল ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে অন্যদিকে এর প্রভাব পরোক্ষভাবে নাগরিকদেরকেও ভোগ করতে হচ্ছে।
চামরদানী ইউনিয়নের রামদীঘা গ্রামের প্রাণেশ সরকার জানান, চামরদানীতে ইউনিয়ন পরিষদের ভবন না থাকায় অনেক দূরে গিয়ে তাদের তথ্যসেবা কেন্দ্রের সেবাসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে হয়। যা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ।
তবে চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না জানান, রামদীঘাতে অবস্থিত চামরদানী ইউনিয়নের একটি ভবন থাকলেও সংস্কারের অভাবে এটি ব্যবহার অনুপযোগী তাই বাধ্য হয়ে মধ্যনগর ইউনিয়ন পরিষদের কমিউিনিটি সেন্টারে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে।
ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন পরিত্যক্ত থাকায় ভাড়াটিয়া ঘরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল হোসেন। তবে এ ইউনিয়ন পরিষদের জন্য নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জেনেছেন তিনি।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমেদ জানান, এ ইউনিয়নের নিজস্ব কমপ্লেক্স ভবন না থাকায় বংশীকুন্ডা বাজারে একটি ভাড়া করা ঘরে ইউনিয়ন পরিষদের এবং তথ্য ও সেবা কেন্দ্রের কার্যক্রম চলছে। গত ১২ মে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে এবং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। চামরদানী ইউনিয়ন পরিষদের জন্য জায়গা পাওয়া গেলে ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।