- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সড়কের মাটি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ফাজিলপুর   গ্রামে এ সংঘর্ষের  ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মহরম আলী ও তাঁর আপন ভাতিজা মুজিবুর রহমানের মাঝে পারিবারিক কলহসহ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সকালে  পারিবারিক জমি থেকে বাড়ির পাশের সড়কে মাটি কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে ওইদিন রাত ৮টায় বাড়ির উঠোনে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বেঁেধ যায়। সংঘর্ষে একই গ্রামের সেলিম মিয়া (৪০), মজিবুর (২৮), জরিনা বেগম (২৫), মোশারফ হোসেন (৪০), বিল্লাল হোসেন (২০), মোতালেব মিয়া (৩০), এখলাছ মিয়া (৩৫), আয়েব আলী (৫৫), হেনেরা বেগম (৪৫), কামাল মিয়া (৩০), রবিউল (২৬), আয়ত আলী (৪০) সহ অন্তত ২০ জন আহত হন।
আহতদেরকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী জামাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় সেলিম মিয়া, মজিবুর রহমান, জরিনা বেগম, বিল্লাল হোসেন, মোতালেব মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হেনেরা বেগম ও রবিউলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
ধর্মপাশা থানার এসআই শফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

  • [১]