বিন্দু তালুকদার
বাংলাদেশ সরকার ও কোরিয়ান কোম্পানীর যৌথ অর্থায়নে ধর্মপাশায় নির্মিত হচ্ছে দেশের সর্ব বৃহৎ গ্রিড ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প। ৩০০ মিলিয়ন ডলার (২৪০০ কোটি টাকা) ব্যয়ে ২০০ মেগাওয়াটের এ কেন্দ্রটি নির্মাণ হবে ধর্মপাশার উপজেলার পাইকরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ ও গাছতলা বাজারের মধ্যবর্তী এলাকায়। তবে প্রকল্প ব্যয় কম-বেশী হতে পারে।
বেসরকারী উদ্যোগে এ প্রকল্পটি নির্মাণ করবে কোরিয়া-বাংলাদেশের যৌথ কনসোর্টিয়াম। কনসোর্টিয়ামের কোরিয়ার এডিসান সোলেটিক কোম্পানী ও পাওয়ার পয়েন্ট এবং বাংলাদেশ হাওর বাংলা কোরিয়া গ্রিন এনার্জি এ তিনটি কোম্পানী যৌথভাবে নির্মাণ ও পরিচালনা করবে।
ওই সৌর বিদ্যুৎ প্রকল্পের স্থান থেকে মূল সড়কে আসা-যাওয়ার জন্য রাস্তা নির্মাণের উদোগ নেয়া হয়েছে। সম্প্রতি ওই রাস্তার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ হাওর বাংলা কোরিয়া গ্রিন এনার্জির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
জানা যায়, এটি নির্মিত হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিট বিদ্যুৎ ১৩ টাকা ৬০ পয়সায় (১৭ সেন্ট) দরে কিনবে ওই সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে। গত বছরের ১৫ ফেব্রুয়ারি ওই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি (পিপিপি) সই করে পিডিবি।
পিডিবি’র পক্ষে কোম্পানীর সচিব মাজহারুল হক (অতিরিক্ত দায়িত্বে) ও কনসোর্টিয়ামের পক্ষে চেয়ারম্যান ই ইয়ং লি চুক্তিতে সই করেন। চুক্তির সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর বাংলা কোরিয়া গ্রিন এনার্জির চেয়ারম্যান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
জানা গেছে, চুক্তি অনুসারে ১৮ মাসের মধ্যে এ প্রকল্পটির কাজ শেষ করার কথা ছিল। পরে এক মাস সময় কমিয়ে ১৭ মাস করা হয়েছে। চুক্তির মেয়াদ ২০ বছর। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে
সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপনের কাজ শুরু হবে। কাজ শুরুর পর থেকে ১৭ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। ১৮ মাসের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ধর্মপাশার এই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে নেত্রকোনার জাতীয় গ্রিডের উপকেন্দ্র পর্যন্ত পৌঁছাতে ৩৫ কিলোমিটার ১৩২ কিলোভোল্টের সঞ্চালন লাইন কোম্পানী নিজ খরচে নির্মাণ করবে। প্রায় সাড়ে চারশত একর জমির উপর স্থাপন করা হবে এই বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প। ইতোমধ্যে প্রকল্প এলাকায় জমি ক্রয়ের কাজ শুরু করা হয়েছে।
এই সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে নেত্রকোনার জাতীয় গ্রিড পর্যন্ত একটি ৩২ মেগাওয়াট, একটি ৬৮ মেগাওয়াট ও একটি ১০০ মেগাওয়াটের ফেইজ তৈরি করা হবে। পর্যায়ক্রমে তিনটি ফেইজ নির্মাণ করা হবে। এদিকে বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মিত হওয়ার হাওরবাসীর জীবনমান উন্নয়ন হবে বলে জানিয়েছেন সেলবরস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।
ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন,‘ হাওর পাড়ের উপজেলা ধর্মপাশায় এত বড় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন আমাদের জন্য একটি খুশির খবর। এটি বাস্তবায়ন হলে এলাকার লোকজনের কর্মসংস্থান হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে। এই সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে স্বপ্ন দেখছেন এলাকার মানুষ।’
হাওর বাংলা কোরিয়া গ্রিন এনার্জি’র চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন জানান, এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে হাওর অঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আগামী ১৬ ফেব্রুয়ারি প্রকল্পের মূল কাজ শুরু হবে। আগামী জুন মাসে বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে জমি ক্রয়ের কাজ শুরু করা হয়েছে এবং প্রকল্পের মূল জায়গা থেকে উপজেলা এলজিইডির রাস্তায় যাওয়ার জন্য নতুন রাস্তা নির্মাণের কাজ করা হয়েছে। আমরা আশা করছি নির্দিষ্ট সময়েই কাজ শুরু করতে পারব এবং প্রকল্পের বেঁধে দেয়া সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারব।’