ধর্মপাশা প্রতিনিধি
নবঘটিত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রভাত চন্দ্র সরকার (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রভাত চামরদানী ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশুটি নন্দীপাড়া গ্রামে প্রভাত চন্দ্র সরকারের ছেলের দোকানে যায়। এ সময় দোকানে কেউ না থাকায় প্রভাত ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটি এই ঘটনা তার পরিবারের সদস্যদের কাছে জানায়। ঘটনা শুনে শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে প্রভাত চন্দ্র সরকারকে আসামী করে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওইদিন রাতেই তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই শিশুর বাবা বাদী হয়ে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে প্রভাতকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’