- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার গোমাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ লিংডন নকরেক নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে মধ্যনগর বাজারের পাশে সুমেশ্বরী নদী থেকে তার উদ্ধার করা হয়। সে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার গাজীপুর- কালকিয়াপুর এলাকার কবির চিরান এর ছেলে।
জানা যায়, গত ৬ ডিসেম্বর মধ্যনগর থানা এলাকার বিএসএম ইটভাটায় লিংডন নকরেক আগুন ধরানোর শ্রমিক হিসেবে কাজে যোগদান করে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইটভাটার পাশে গোমাই নদীতে আরো ৫/৬ জনসহ সে গোসল করতে যায়। অন্যরা নদীতে ডুব দিয়ে পানির উপরে উঠলেও লিংডন আর উঠতে পারেনি। লিংডন উঠতে না পারায় অন্যরা সাথে সাথে নদীতে নেমে তাকে খোঁজতে থাকে। তাকে খোঁজে না পেয়ে পরে মধ্যনগর থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়। খবর শুনে পুলিশ এসে স্থানীয়দের নিয়ে নদীতে জাল ফেলে নিখোঁজ ওই শ্রমিককে খোঁজতে থাকে। পরে শনিবার সকাল থেকে ময়মনসিংহ থেকে ডুবুরি এনে তাদের দিয়েও নদীতে খোঁজা হয়। তাতেও ওই শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার রাত ১০টার দিকে মধ্যনগর বাজারের পাশে সুমেশ্বরী নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। লাশ ভাসার বিষয়টি এলাকাবাসী মধ্যনগর পুলিশকে জানায়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানা ওসি সেলিম নেওয়াজ জানান, নিখোঁজ শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • [১]