- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় পানিবন্দি ২০ হাজার পরিবার, দুর্গতদের পাশে এমপি রতন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের ২০ হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ওঠায় ওইসব পরিবারের মধ্যে ১৫০ টি পরিবার বন্যা আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। উপজেলা সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তলিয়ে গেছে যানচলাচলের সড়ক। থাকা খাওয়া নিয়ে বিপাকে পড়েছে পানিবন্দি পরিবারগুলো। এছাড়াও মধ্যনগর বাজার, জয়শ্রী বাজার, বংশীকুন্ডা বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার গুলোতে পানি ওঠায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। এসব পানিবন্দি পরিবারগুলোর খাদ্য সমস্যা মেটাতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রোববার ধর্মপাশা উপজেলার চাপাইতি, বিশারা, সাজদাপুর, হিজলাসহ বিভিন্ন গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখ। এদিকে সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন তাঁর ইউনিয়নের সাতটি গ্রামের পাঁচ শতাধিক বন্যা দূর্গত মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
ধর্মপাশা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শওকত আলী বলেন, মহামারী করোনার কারণে আমাদের কোনো কাজকর্ম নেই। অনেক কষ্ট করে জীবনযাপন করছি। এর মধ্যে আবার দেখা দিয়েছে বন্যা। আমরা এখন কোন দিকে যাই। তাই প্রশাসনের কাছে দাবী আমাদের যেন সহায়তা করা হয়।
ধর্মপাশা সদর ইউনিয়নের বাসিন্দা সুমন চন্দ্র দাস বলেন, আমার ঘরের চারদিকে বন্যর পানি। রান্নাবান্না করতে গিয়ে মহিলারা পড়ছে বিপাকে।
জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, জয়শ্রী, বরই বাজারসহ ইউনিয়নের সবটি বাজারে বন্যার পানি ওঠায় বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। আমার ইউনিয়নের প্রতিটি গ্রাম বন্যা কবলিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, বন্যা দুর্গত মানুষের খাদ্য সহায়তায় খিচুড়ি, চিড়া, বিস্কিটসহ বিভিন্ন শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

  • [১]