- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় পিআইসির তালিকা নিয়ে লুকোচুরি

ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে কাবিটা কর্মসূচির মাধ্যমে সুনামগঞ্জের ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের জন্য নির্ধারিত ১৫৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (পিআইসি) তালিকা নিয়ে লুকোচুরি চলছে। নীতিমালা অনুযায়ী পিআইসি গঠনের পর তা নির্ধারিত সময়ের মধ্যেই উপজেলার ওয়েব পোর্টালে প্রকাশ করার কথা ছিল। কিন্তু রহস্যজনক কারণে শুক্রবার দুপুর পর্যন্ত মাত্র ২৬টি পিআইসির তালিকা ওয়েব পোর্টালে প্রকাশ করা হয়েছে। তবে পাউবো সংশ্লিষ্টরা বলছে দুয়েকটি বাদে সবকটি পিআইসি’র তালিকা প্রস্তুত রয়েছে এবং পিআইসির তালিকা ওয়েব পোর্টালে প্রকাশ করার দায়িত্ব উপজেলা প্রশাসনের। সংশ্লিষ্টদের কাছে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা পিআইসির তালিকা বারবার চেয়েও পাচ্ছে না। এদিকে তালিকা প্রকাশ না হওয়ায় কে কোন প্রকল্পে কাজ করছে তা জানা যাচ্ছে না। এমনকি উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির কয়েকজন সদস্যের কাছেও পিআইসির তালিকা অধরা রয়েছে। ফলে যেকোনো সময় যে কাউকে প্রকল্প থেকে বাদ দেওয়া কিংবা সংযুক্ত করার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে ধর্মপাশা উপজেলার আটটি হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ করার জন্য ১৫৯টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবার বিগত অর্থ বছরের তুলনায় ৭০টি প্রকল্প বেশি গ্রহণ করা হয়েছে। যা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এবার ধানকুনিয়া হাওরে ৭টি, সোনামড়ল হাওরে ৩১টি, কাইলানি হাওরে ১৭টি, জয়ধুনা হাওরে ১০টি, গোরাডোবা হাওরে ১১টি, গুরমার হাওরে ২৯টি, গুরমার বর্ধিতাংশ হাওরে ৩টি ও চন্দ্রসোনারথাল হাওরে ৫১টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৯০ লাখ টাকা। কাবিটা নীতিমালা অনুযায়ী এসব প্রকল্পে কাজ করার জন্য গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন এবং ওই বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে সবকটি প্রকল্পের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু নীতিমালা লংঘন করে ১৫ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর কয়েকটি প্রকল্পের কাজ শুরু করা হলেও শুক্রবার পর্যন্ত সবকটি প্রকল্পের কাজ শুরু হয়নি। শুক্রবার পর্যন্ত সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়েনের ২৬টি পিআইসির তালিকা ওয়েব পোর্টালে প্রকাশ করা হলেও বাকি পিআইসির তালিকা প্রকাশ করা হয়নি।
উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম গত বুধবার জানিয়ে ছিলেন, দুয়েকটি বাদে সকল পিআইসির তালিকা প্রস্তুত রয়েছে। সভাপতি ও সদস্য সচিবের মোবাইল নম্বরসহ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকাল পর্যন্ত তার (মাহমুদুল) মুঠোফোন বন্ধ থাকায় সর্বশেষ অবস্থা জানা যায়নি।
উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং ইউএনও (ভারপ্রাপ্ত) আবু তালেব বলেন, ‘১৫৯টি তালিকা প্রস্তুত করা আছে। টেকনিক্যাল কমিটির রিপোর্ট পাওয়ার পর তালিকা চূড়ান্ত করে দ্রæত তা প্রকাশ করা হবে।’

  • [১]