ধর্মপাশা প্রতিনিধি
আজ বুধবার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। পূজার আগেই প্রাক প্রাথমিকের হিন্দু শিক্ষকদের উৎসব ভাতা বা বোনাস পাওয়ার কথা। কিন্তু ধর্মপাশা উপজেলার প্রাক প্রাথমিকের ২২ জন সহকারি শিক্ষক সোমবার দুপুর পর্যন্ত তাঁদের উৎসব ভাতা পাননি। ফলে ওই সকল শিক্ষকদের মধ্যে উৎসবের কোনো আমেজ নেই। ভাতা না পেয়ে পরিবার পরিজনের জন্য নতুন জামা কাপড়সহ উৎসবের জন্য কেনাকাটা করতে পারেননি কোনো কোনো শিক্ষক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি)-৩ এর আওতায় এ উপজেলায় প্রাক প্রাথমিকে ২২ জন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক কর্মরত আছেন। কিন্তু উৎসব ভাতার জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি এবার। ফলে ওই সকল শিক্ষকদের উৎসব ভাতা প্রদান করা হয়নি।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিতেশ চন্দ্র সরকার বলেন, ‘উৎসব ভাতা ও বেতন না পাওয়ায় হতাশা কাজ করছে। পূজার আগেই বোনাস পাওয়ার কথা কিন্তু আমরা পূজার আগের দিন পর্যন্ত বোনাস বা উৎসব ভাতা পাইনি। ফলে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে পারিনি।’
কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রসুনজিৎ বিশ্বাস পলাশ বলেন, ‘উৎসব ভাতা নিয়ে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। বোনাস না পাওয়ায় প্রাক প্রাথমিকের শিক্ষকদের মধ্যে উৎসবের কোনো আমেজ নেই, মানসিকভাবেও ভেঙে পড়েছেন কোনো কোনো শিক্ষক।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, ‘শিক্ষকেরা যেন এ সপ্তাহের মধ্যেই উৎসব ভাতা পান সেজন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান বলেন, ‘পিইডিপি-৩ এর আওতায় প্রাক প্রাথমিকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরাদ্দ পেলে এক সাথে বেতন ভাতা পরিশোধ করা হবে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৩ এর হিসাবরক্ষণ কর্মকর্তা মৃত্যুঞ্জয় সাহা রায় বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয় থেকে চাহিদাপত্র পাঠানোর কথা। যেখান থেকে চাহিদাপত্র পাঠানো হয়েছে তাদের চাহিদা অনুযায়ী ভাতা প্রদান করা হয়েছে।’