ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালসহ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোববার বিকেলে এ বিষয়ে লিখিত ভাবে অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন দীর্ঘ ১৮মাস ধরে বেতন ভাতাদি উত্তোলন করছেন। তিনি প্রতিদিন সকাল ১১টায় বিদ্যালয়ে আসেন এবং বিকেল তিনটায় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান। সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বিদ্যালয় উন্নয়নের জন্য সরকারি ভাবে বরাদ্দ পাওয়া এক লক্ষ টাকা সভাপতির স্বাক্ষর নিয়ে যৌথ একাউন্ট থেকে উত্তোলন করে মাত্র বিশ হাজার টাকার কাজ করে বাকি টাকা তিনি আত্মসাত করেন। দীর্ঘ ১৮মাসে তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির একটি সভাও করেননি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলীম উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার স্বাক্ষর জাল করে বেতন ভাতাদি উত্তোলন করছেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের উন্নয়নের টাকা আত্মসাত করেছেন এবং বিদ্যালয়ে নিয়মিত আসেন না। এ বিষয়ে আমি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি।
বিদ্যালয়ের ভারপ্রাাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন বলেন, আমার বিরুদ্ধে স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।