- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় প্রবেশপত্র পেলেন সেই পরীক্ষার্থীরা

ধর্মপাশা প্রতিনিধি
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় ধর্মপাশা ডিগ্রি কলেজের সেই ১২জন পরীক্ষার্থী অবশেষে প্রবেশপত্র পেয়েছেন। মঙ্গলবার সকালে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। গত শনিবার ওই পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
জানা যায়, এবারের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে ধর্মপাশা ডিগ্রি কলেজ থেকে ২৫৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ
করে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ৯ আগস্ট রাতে ২৪১ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করে। ১০ আগস্ট বুধবার সকাল থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হলে ১২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। ফলে ওই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। পরে কলেজের অধ্যক্ষ পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে গত শনিবার পরীক্ষা শুরুর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত ই-মেইলে পাঠানো এক চিঠিতে ওই পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে ১৪ আগস্ট প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়। সেই মোতাবেক গত রবিবার কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করে।
পরীক্ষার্থী মুক্তা আক্তার জানায়, প্রথম দিনের পরীক্ষা প্রবেশপত্র ছাড়া দিলেও কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্রের ব্যবস্থা করায় এখন তিনি প্রবেশপত্র নিয়েই পরীক্ষা দিতে পারবেন।
ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল করিম জানান, প্রবেশপত্র না পাওয়া ওই ১২ জন পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। ফরম পূরণের কাজে যে দুজন প্রভাষক দায়িত্বে ছিলেন তাঁদের গাফিলতির কারণে এমনটি হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]